মুরাদনগরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার আন্দিকুট ইউনিয়নের আন্দিকুট গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন— ব্রাহ্মণপাড়া থানার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা (মুন্সি বাড়ি) গ্রামের মো. আবুল হাশেমের ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫) এবং বাড়ানী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে মো. আশরাফুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, ওসির নির্দেশনায় বাঙ্গরা বাজার থানার এসআই মো. সরোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আন্দিকুট গ্রামের সিদ্ধেশ্বরী সার্বজনীন দেব মন্দিরের পাশে অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারি মো. রফিকুল ইসলাম ও মো. আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। বাঙ্গরা বাজার থানা এলাকাকে অপরাধমুক্ত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।’ পাশাপাশি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।