জট খুলল ‘পিনিক’, হদিস নেই বু্‌বলীর

একবার নয়, বার বার পিছিয়ে যাচ্ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর বহুল প্রত্যাশিত সিনেমা ‘পিনিক’। গত ঈদেও ঘোষণা দিলেও সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সিনেমাটির মুক্তি অসম্ভব হয়ে পড়ে। এবার অবশ্য সেন্সর জটিলতা নেই, তারপরও ঈদে আসবে কিনা- তা নিয়ে শুরু ধোঁয়াশা। 

তবে একদম শেষ সময়ে সব ধরনের অনিশ্চয়তা কাটিয়ে এল আনুষ্ঠানিক ঘোষণা। এবারের কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘পিনিক’। সিনেমায় অভিনেতা আদর আজাদের বিপরীতে রয়েছেন বুবলী। পিনিকের  সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা জাহিদ জুয়েলের। প্রথম সিনেমা হলেও নির্মাণশৈলীতে তিনি অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন আদর আজাদ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে বোনা এই চলচ্চিত্রে দর্শক একসঙ্গে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের স্বাদ পাবেন। 

এদিকে সিনেমাটি নিয়ে বুবলী যেন একেবারেই ধরা-ছোঁয়ার বাইরে। এই সিনেমার কোনো মহরত কিংবা কোনো ধরনের প্রচার-প্রচারণাও যেমন নেই, তেমনি দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন শোবিজ ইভেন্টেও ছিল বুবলীর অনুপস্থিতি। বর্তমানে তিনি কোথায় আছেন, তার সঠিক তথ্য দিতে পারছেন না।