ডেপুটি স্পিকারের উপহার

সেই মনোয়ারা বেগম পেলেন নতুন ঘর

আসন্ন ঈদুল আজহার আগেই মাথা গোঁজার নতুন ঠাঁই পেলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের ঘরহারা অসহায় সেই মনোয়ারা বেগম। 

কালবৈশাখী ঝড়ে সব হারিয়ে নিঃস্ব হওয়া এই নারীর পাশে দাঁড়িয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমকে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই ঘরের চাবি হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল নেত্রকোনার উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে বড়খাপন গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগমের একমাত্র বসতঘরটি সম্পূর্ণ নষ্ট হয়। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে ন্ত মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। অসহায় এই নারীর দুঃখ-দুর্দশার চিত্র নজরে আসে ডেপুটি স্পিকারের। পরে নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে মনোয়ারা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের দায়িত্ব নেন।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দ্রুততম সময়ের মধ্যে ঘরটির নির্মাণকাজ শেষ করা হয়। আজ ঘর হস্তান্তরের সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ঈদের আগে নতুন ঘর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মনোয়ারা বেগম। তিনি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তারা ডেপুটি স্পিকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এই উপহার শুধু একটি ঘর নয়, বরং ঈদের আগে এক অসহায় মায়ের মুখে স্থায়ী হাসি ফোটানোর এক অনন্য দৃষ্টান্ত।’