ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন

স্বাস্থ্য ও মানসিক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার মধ্যে আবারও মেডিকেল পরীক্ষা করিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৬ মে) তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তিন ঘণ্টার বেশি সময় কাটান।

হোয়াইট হাউস জানিয়েছে, এটি ছিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও দন্ত চিকিৎসাসংক্রান্ত চেকআপ। দ্বিতীয় মেয়াদ শুরুর পর এটি ট্রাম্পের চতুর্থ প্রকাশ্য মেডিকেল পরীক্ষা। ৭৯ বছর বয়সী ট্রাম্প পরীক্ষা শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “প্রতি ছয় মাসে হওয়া স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছি। সবকিছু ঠিক আছে।”

আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে জনমনে আস্থা তৈরির চেষ্টা করছেন ট্রাম্প। তবে তার বয়স ও মানসিক সক্ষমতা নিয়ে বিতর্ক এখনও থামেনি। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম মানুষ মনে করেন ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে যথেষ্ট সক্ষম।

যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই প্রেসিডেন্টদের স্বাস্থ্য পরীক্ষার নির্বাচিত তথ্য প্রকাশের রীতি রয়েছে। তবে এসব তথ্য হোয়াইট হাউস পর্যালোচনা করে এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর প্রকাশ করা হয়। ফলে কোন তথ্য জনসমক্ষে আসছে আর কোনটি গোপন থাকছে—তা নিয়েও প্রশ্ন থেকে যায়।