যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কংগ্রেসের প্রতি দ্রুত 'সেভ আমেরিকা' বিল পাসের আহ্বান জানিয়েছেন। তাঁর দাবি, আসন্ন মধ্যবর্তী (মিডটার্ম) নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত এবং জালিয়াতি ঠেকাতে এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, 'নির্বাচন-সংকট মোকাবিলায় কংগ্রেসকে আর দেরি না করে ‘সেভ আমেরিকা’ বিল পাস করতে হবে। আমি প্রতিটি আমেরিকান নাগরিককে প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে অবিলম্বে বিলটি পাসের দাবি জানানোর আহ্বান জানাচ্ছি।'
তিনি বলেন, প্রস্তাবিত বিল অনুযায়ী ভোট দেওয়ার সময় প্রত্যেক ভোটারকে ছবিযুক্ত পরিচয়পত্র (ফটো আইডি) দেখাতে হবে। পাশাপাশি ভোট দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ উপস্থাপন বাধ্যতামূলক করা হবে।
এ ছাড়া ডাকযোগে ভোট (মেইল-ইন ব্যালট) কেবল অসুস্থ, প্রতিবন্ধী, সামরিক বাহিনীর সদস্য এবং ভ্রমণে থাকা ভোটারদের জন্য সীমিত রাখার প্রস্তাবও রয়েছে বলে জানান ট্রাম্প।
বিলটির বিরোধিতাকারীদের সমালোচনা করে ট্রাম্প বলেন, 'এই ব্যবস্থার বিরোধিতা করার একমাত্র কারণ হতে পারে প্রতারণার সুযোগ ধরে রাখা। কারণ ডেমোক্র্যাটদের নীতি ও তাদের প্রার্থীরা অন্য কোনো উপায়ে জয়ের অবস্থানে নেই।'
তিনি আরও বলেন, 'স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন ছাড়া যুক্তরাষ্ট্র কখনোই একটি মহান দেশ হতে পারে না। প্রত্যেক আমেরিকানের অধিকার রয়েছে নিশ্চিত হওয়ার যে, তার ভোট সঠিকভাবে গণনা করা হবে।'
এর প্রায় দুই সপ্তাহ আগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের ব্যাপক সমর্থন পাওয়া একটি আবাসন (হাউজিং) বিলেও স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, ‘সেভ আমেরিকা’ বিল পাসে অগ্রগতি না হওয়ায় তিনি ওই আবাসন বিলে অনুমোদন দেননি।