হাইকোর্টে পরমব্রত

বিধানসভা নির্বাচনের পর পুরনো বিতর্ক ফের আলোচনায়। অভিনেতা পরমব্রত চ্যাটার্জির বিরুদ্ধে দায়ের হওয়া প্রাথমিক তথ্য রিপোর্ট খারিজের আবেদন এবার পৌঁছে গেল কলকাতা হাইকোর্টে। বুধবার (২৭ মে) আদালতে হাজির হন অভিনেতা। আগামী ২৯ মে এই মামলার শুনানি হওয়ার কথা। 

ঘটনার সূত্রপাত দুই হাজার একুশ সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার সময়। তৃণমূলের বিপুল জয়ের পর সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন পরমব্রত। সেখানে তিনি লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্ট ঘিরেই পরে তৈরি হয় তীব্র বিতর্ক। 

অভিযোগ অনুযায়ী, ওই পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। এরপর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয় নানা প্রশ্ন। আইনজীবী জয়দীপ সেনের দাবি, ভোট পরবর্তী হিংসার আবহে ওই পোস্ট উস্কানিমূলক প্রভাব ফেলেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সম্প্রতি গড়িয়াহাট থানায় পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 

বিতর্ক আরও বাড়ে কারণ পরমব্রতের ওই পোস্টের মন্তব্য বিভাগে স্বস্তিকাও সমর্থনসূচক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। অভিযোগপত্রে ভোট-পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গও উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বিজেপি কর্মীদের উপর হামলা এবং অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

এই পরিস্থিতিতেই এফআইআর খারিজের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন পরমব্রত। তার আইনজীবী আদালতে দাবি করেছেন, সমাজমাধ্যমে করা মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং এর সঙ্গে সরাসরি হিংসার যোগ টানা ঠিক নয়। এদিকে তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। তবে গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি পরমব্রত বা স্বস্তিকা।