আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পটুয়াখালীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প। ঈদযাত্রা নির্বিঘ্ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে চেকপোস্ট অভিযান এবং পশুর হাটগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
বুধবার (২৭ মে) দিনব্যাপী পটুয়াখালী শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি রাখা হয়। ঈদকে কেন্দ্র করে সক্রিয় হতে পারে এমন অপরাধী চক্র ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
একইসঙ্গে জেলার বিভিন্ন পশুর হাটে অভিযান ও তদারকি চালায় র্যাব। হাটে জাল টাকা লেনদেন প্রতিরোধে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করা হয়। এছাড়া অজ্ঞান পার্টি, মলম পার্টি, দালাল ও প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকতে মাইকিং এবং সরাসরি পরামর্শ দেন র্যাব সদস্যরা।
র্যাব সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ জনসমাগম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকা থেকে আগত লঞ্চযাত্রীদের নিরাপত্তায় লঞ্চঘাট এলাকায় বাড়তি নজরদারি রাখা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে প্রস্তুত রয়েছে র্যাবের বিশেষ টিম।
এ বিষয়ে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, ঈদযাত্রা শান্তিপূর্ণ রাখতে র্যাবের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও পশুর হাটগুলোতে নিয়মিত নজরদারি চলছে। জাল টাকা শনাক্তকরণ এবং যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষকেও সচেতন করা হচ্ছে।
তিনি আরও বলেন, ঈদকে ঘিরে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও জাল টাকার অপতৎপরতা ঠেকাতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।