কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ভোলা, ভেঙে পড়েছে শতাধিক গাছ

হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ভোলা জেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে শতাধিক গাছ উপড়ে ও ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, ভেঙে পড়েছে একাধিক খুঁটি।

এতে বুধবার (২৭ মে) সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো জেলা শহর, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সকাল ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়ো হাওয়া মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ কালবৈশাখীতে। প্রবল বাতাসে শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় সকাল থেকেই অন্ধকারে ডুবে যায় ভোলা সদর।

শহরের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা অ্যাডভোকেট জহুরুল ইসলাম খুসবু জানান, হঠাৎ করেই ঝড় শুরু হয়। ঝড়ের কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদ্যুৎ স্বাভাবিক হয়নি।

উকিলপাড়া এলাকার বাসিন্দা মো. জালাল আকবরী শিবলী বলেন, তাদের এলাকার মুসলমানপাড়াসহ বিভিন্ন স্থানে বড় বড় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও ভোগান্তি তৈরি হয়েছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) সূত্রে জানা গেছে, ঝড়ে ভোলা পৌরসভা ও সদর উপজেলায় অন্তত ৪০ থেকে ৫০টি স্থানে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের ক্ষতি হয়েছে। কোথাও তার ছিঁড়েছে, আবার কোথাও খুঁটি ভেঙে গেছে।

ওজোপাডিকোর লাইনম্যান মো. হারুন অর রশিদ জানান, বোরহানউদ্দিন থেকে ভোলা পর্যন্ত সঞ্চালন লাইনের ওপর অসংখ্য রেইনট্রি ও মেহগনিসহ বিভিন্ন গাছ ভেঙে পড়েছে। অন্তত দুটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে।

ভোলার নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে কাজ করছেন কর্মীরা। সন্ধ্যার পর মেইন লাইন চালু করা সম্ভব হলেও পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে গভীর রাত হয়ে যেতে পারে।