ভোলার লালমোহন উপজেলায় সড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় মোসা. মাইশা আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের সৈনিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা ওই এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের ভাষ্য, অন্য দিনের মতোই খেলাধুলা শেষে সড়ক পার হচ্ছিল ছোট্ট মাইশা। কিন্তু মুহূর্তের অসতর্কতায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের নিচে পড়ে তার জীবন থেমে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা থেকে চরফ্যাশনগামী বাসটি শিশুটিকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী সড়কের ওপর গাছ ফেলে যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, সৈনিক বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদে সড়ক পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। শিশু ও পথচারীদের নিরাপত্তায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সড়ক দুর্ঘটনায় নিষ্পাপ প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘাতক বাস ও চালককে আইনের আওতায় আনার পাশাপাশি ওই এলাকায় স্থায়ী সড়ক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।