ঝড়ের কবলে সি-ট্রাক

প্রাণে বেঁচে সিজদায় পড়লেন যাত্রীরা

মেঘনা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে চরম ঝুঁকিতে পড়ে বিআইডব্লিউটিসির একটি সি-ট্রাক। উত্তাল ঢেউ আর বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় এক ঘণ্টা আতঙ্কে কাটানোর পর নিরাপদে তীরে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন যাত্রীরা। অনেককে ঘাটে নেমেই মহান আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়তে দেখা যায়।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে শুরু হয় ঝড়ো বৃষ্টি। এর প্রভাবে উত্তাল হয়ে ওঠে মেঘনা নদী। সৃষ্টি হয় বড় বড় ঢেউ। 

এ সময় মজু চৌধুরীর হাট ঘাট থেকে কয়েকশ যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) সি-ট্রাক ‘সাঙ্গু’। তবে ইলিশা ঘাটের কাছাকাছি পৌঁছানোর পর প্রবল ঝড় ও তীব্র ঢেউয়ের কারণে নৌযানটি পন্টুনে ভিড়তে ব্যর্থ হয়।

পরিস্থিতি সামাল দিতে পরে মাঝ নদীতে একটি বোরিং বয়ার সঙ্গে সি-ট্রাকটি বেঁধে রাখা হয়। প্রায় ৪৫ মিনিট ধরে ঝড়ের তাণ্ডব ও উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হয় নৌযানটিকে। এ সময় ঢেউয়ের পানি সি-ট্রাকের ভেতরে উঠে যাত্রীদের ভিজিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে নারী-শিশুসহ যাত্রীদের মধ্যে। অনেকেই কান্নাকাটি শুরু করেন এবং দোয়া-দরুদ পড়তে থাকেন।

পরবর্তীতে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে সি-ট্রাকটি নিরাপদে ইলিশা ঘাটে ভিড়ে। প্রাণে বেঁচে তীরে ফিরতে পেরে অনেক যাত্রী আবেগ ধরে রাখতে পারেননি। কেউ কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ সিজদায় লুটিয়ে পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।