এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন

নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। 

বুধবার (২৭ মে) এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। সকাল ৭টায় সেখানে নামাজ আদায় শেষে তিনি সর্বস্তরের জনতার সঙ্গে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকায় ঈদ করবেন।

তারা দুজনেই জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ করবেন।

গত ঈদুল ফিতরে হাসনাত আব্দুল্লাহ নিজ গ্রাম গোপালনগরে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছিলেন, এবার ঈদুল আজহায় দেবীদ্বার পৌরসভার কোনো একটি মসজিদে ঈদের নামাজ আদায় করে কোরবানি করবেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ আদায় করবেন।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। দিনভর এলাকার মানুষজনের সঙ্গে দেখাসাক্ষাৎ করবেন তিনি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ কাটাবেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

এনসিপির দুই নারী সংসদ সদস্য নিজ নিজ এলাকায় ঈদ করবেন। কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে ঈদ করবেন নুসরাত তাবাসসুম এমপি। বরিশালে শ্বশুরবাড়িতে এবং নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়া মিলিয়ে ঈদের দিনটি পার করবেন ডা. মাহমুদা মিতু এমপি।