শাহবাগে উদ্ধার হওয়ার অজ্ঞাত ব্যক্তি ঢামেকে মৃত্যু

রাজধানীর শাহবাগ থানার স্যার সলিমুল্লাহ হলের সামনের ফুটপাত থেকে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে অচেতন অবস্থায় পড়ে থাকা এক ব্যাক্তিকে উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল পারভেজ জানান, আমরা সকাল সাতটার দিকে খবর পেয়ে স্যার সলিমুল্লাহ ফলের সামনের ফুটপাতে আমরা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই রাসেল পারভেজ বলেন, পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।