টাঙ্গাইল

ঈদগাহ মাঠ থেকে ফেরার পথে লঞ্চডুবি

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ঐতিহ্যবাহী ২২ গ্রামের ধানগড়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বংশাই নদীতে যাত্রীবাহী একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। 

স্থানীয় সূত্রে জানা যায়, ২২ গ্রামের এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কয়েকটি গ্রাম ছাড়াও সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করতে আসেন।

ঈদের নামাজ শেষে নদীর পূর্বপাশের চালাসরাই গ্রামের মুসল্লিরা লঞ্চযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় অতিরিক্ত যাত্রী ওঠার কারণে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে বংশাই নদীতে ডুবে যায়।

ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে লঞ্চে থাকা সবাই নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।