২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক হচ্ছে অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস আকুনিয়ার বাদ পড়া। রিভার প্লেটের হয়ে সাম্প্রতিক সময়ে কিছু শারীরিক বা চোটজনিত সমস্যায় ভোগায় তিনি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন।
আকুনিয়ার জায়গায় দলে সুযোগ পেয়েছেন অলিম্পিক দ্য মার্শেইয়ের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা যিনি সেন্ট্রাল ব্যাক এবং লেফট ব্যাক—উভয় পজিশনেই খেলতে পারেন। এছাড়া বোর্নমাউথের মার্কার্স সেনেসি এবং রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তানতুওনো চূড়ান্ত তালিকায় জায়গা পাননি।
অন্যান্য চমকের মধ্যে রয়েছে রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা জিওভানি লো চেলসোর দলে ফেরা। পাশাপাশি তরুণ মিডফিল্ডার নিকো পাজ এবং পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ (তৃতীয় স্ট্রাইকার হিসেবে) স্কালোনির চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন।
কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্কোয়াডের মোট ১৭ জন ফুটবলার এবারও শিরোপা ধরে রাখার মিশনে দলে আছেন। তবে আর্জেন্টিনার জন্য চিন্তার কারণ হচ্ছে, অধিনায়ক লিওনেল মেসিসহ দলের প্রধান ৭ জন তারকা খেলোয়াড় কিছুটা চোট বা শারীরিক সমস্যা নিয়ে ক্যাম্পে যোগ দিচ্ছেন। চোটের ঝুঁকিতে থাকা খেলোয়াড়রা হলেন:
এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ, ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরো, গনসালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, নিকো পাজ, নিকো গনসালেস এবং লিওনেল মেসি।
ফিফার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় পড়লে বিশ্বকাপের প্রথম ম্যাচের ২৪ ঘণ্টা আগে (১৫ জুন পর্যন্ত) স্কালোনি দলে পরিবর্তন আনতে পারবেন। এছাড়া ব্যাক-আপ হিসেবে আরও ৭ জন বাড়তি খেলোয়াড়কে দলের সাথে অনুশীলনে রাখা হবে।
অধিনায়ক মেসির রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ
৩৮ বছর বয়সী লিওনেল মেসি (বিশ্বকাপ চলাকালীন তিনি ৩৯ বছরে পা দেবেন) তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যা একটি অনন্য রেকর্ড। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা মেসি ১৬ ম্যাচে ১৩ গোল ও ৭ অ্যাসিস্ট করে দারুণ ফর্মে আছেন। আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯৯ ম্যাচে ১১৬ গোল ও ৬১ অ্যাসিস্টের রেকর্ড নিয়ে তিনি উত্তর আমেরিকায় পা রাখছেন।
আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (অলিম্পিক দ্য মার্শেই), হুয়ান মুসো (আতলেতিকো দে মাদ্রিদ)
ডিফেন্ডার
গনজালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো দে মাদ্রিদ), লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), লিওনার্দো বালের্দি (অলিম্পিক দ্য মার্শেই), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), নিকোলাস তাগলিয়াফিকো (অলিম্পিক দ্য লিঁও), ফাকুন্দো মেদিনা (অলিম্পিক দ্য মার্শেই)
মিডফিল্ডার
জিওভানি লো চেলসো (বেতিস), লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), এনজো ফার্নান্দেজ (চেলসি), অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার (লিভারপুল), ভ্যালেনতিন বার্কো (রেসিং ক্লাব দ্য স্ত্রাসবুর আলসাস)
ফরোয়ার্ড
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস গনসালেস (আতলেতিকো দে মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো দে মাদ্রিদ), লাউতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো দে মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), নিকো পাজ (কোমো)