হরিনাকুন্ডুতে হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের মারামারিতে নিহত ১

‎ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডার জের ধরে দু’পক্ষের মারামারিতে দেলোয়ার হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

‎শুক্রবার (২৯ মে) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের খয়বার মণ্ডলের ছেলে।

‎স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠের মধ্যে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামের শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে এ নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।

‎হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।