ক্রমশ চাহিদা বাড়ছে রকস্টার সিনেমার

প্রথম দিনেই বাজিমাত ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘রকস্টার’ সিনেমা। আজমান রুশো পরিচালিত এই সিনেমাটি মাল্টিপ্লেক্স চেইন, একক হলসহ মোট ১০৩টি প্রেক্ষাগৃহে একযোগে প্রর্দশিকত হচ্ছে। ঈদের দিন  ঢাকার মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে এর শো সংখ্যা ছিল ১৮টি। কিন্তু দর্শক চাহিদায় দ্বিতীয় দিনেই দ্বিগুণ শো (৩৬) করেছে কর্তৃপক্ষ। 

পরিচালক জানান, ‘এই সিনেমায় অ্যাকশন বা আইটেম গান নেই। এত দিন ধরে যে ধারা চলে আসছিল, সেখান থেকে আমরা নতুন কিছু দর্শকদের দিতে চেয়েছি। এখন ভালো লাগা বা খারাপ লাগা আপেক্ষিক ব্যাপার। মাত্র একটা বা দুইটা শো শেষ হয়েছে, সিনেমাটি দর্শকদের কেমন লাগছে, সেটা বুঝতে আরও সময় লাগবে।’ 

পরিচালক ছাড়াও প্রেক্ষাগৃহ মালিক ও দর্শকের সঙ্গে কথা বলে জানা গেল, প্রথম শো থেকেই সিনেমাটির প্রশংসা করেছেন সবাই। অ্যাকশন চরিত্রের বাইরে আবার রোমান্টিক চরিত্রে শাকিবকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। গতকাল সিনেমাটির মুক্তির পর হলে হলে ঘুরেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো ও অভিনেত্রী সাবিলা নূর। 

সিনেমায় আরও দুই নায়িকা হচ্ছেন বাংলাদেশের তানজিয়া মিথিলা এবং ভারতের সুনিধি নায়েক। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। ছবিটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি।