‘মাসুদ রানা’ ভালো না লাগলে টাকা ফেরতের গ্যারান্টি নির্মাতার

জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র নিয়ে নির্মিত সিনেমা ‘মাসুদ রানা’ মুক্তি পেয়েছে এবারের ঈদে। সিনেমাটি নিয়ে এর প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেছেন, সিনেমাটি সবার ভালো লাগবে, অনেকেই প্রশংসা করছেন। আর যদি ভালো না লাগে, তাহলে টিকিটের টাকা ফেরত দেয়া হবে। 

রাজধানীর বিভিন্ন সিনেমা হল পরিদর্শনকালে এমন আশাবাদের কথা জানান আব্দুল আজিজ। তিনি বলেন, যদি কোনো দর্শকের সিনেমাটি ভালো না লাগে, তাহলে টিকিটের গায়ে ‘ভালো লাগেনি’ লিখে জাজ মাল্টিমিডিয়ার ঠিকানায় পাঠিয়ে দেবেন। আমরা সেই টিকিটের টাকা ফেরত দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। 

তিনি আরও বলেন, এবার ঈদের সেরা সিনেমা হবে ‘মাসুদ রানা’। প্রথম দিনের প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছি। সিনেমার গল্প, গান ও নির্মাণ সবকিছুর সমন্বয়ে দারুণ একটি কাজ হয়েছে। কাজী আনোয়ার হোসেন স্যারের সৃষ্ট চরিত্রকে পর্দায় সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি।