দীর্ঘদিন ধরে চলতে থাকা ‘ডন ৩’ বিতর্কের হাল ধরলেন এবার বলিউড ভাইজান সালমান খান। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রের বরাতে জানা গেছে, সালমান খান রণবীর সিং এবং পরিচালক ফারহান আখতারের মধ্যে চলমান মতবিরোধ নিরসনে মধ্যস্থতার চেষ্টা করছেন। তিনি উভয় পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেছেন এবং সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন, যাতে কেউই ব্যক্তিগত বা পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত না হন।
সূত্র আরও জানায়, সালমান ফারহান আখতারকে বোঝানোর চেষ্টা করেন যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সৃজনশীল মতভেদ খুবই সাধারণ বিষয়। একই সঙ্গে তিনি রণবীর সিংয়ের সঙ্গেও দীর্ঘ সময় কথা বলে তার অবস্থান ও দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেন। তার লক্ষ্য ছিল দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে একটি সমঝোতার পরিবেশ তৈরি করা।
এছাড়া সালমান নাকি পরামর্শ দিয়েছেন, ফারহান আখতার ও রণবীর সিং যেন একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করেন। তার মতে, দ্রুত সমাধান হলে ভবিষ্যতে তারা আবারও নতুন প্রকল্পে একসঙ্গে কাজ করতে পারবেন।
উল্লেখ্য, ‘ডন ৩’ নিয়ে দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। শাহরুখ খানের ‘ডন ২’-এর পর এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী পর্ব নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছিল। পরে নির্মাতা ফারহান আখতার নতুন কিস্তিতে রণবীর সিংকে যুক্ত করার ঘোষণা দেন, যা নিয়ে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা।
পরবর্তীতে শুটিং শুরুর আগেই রণবীর সিং প্রকল্পটি থেকে সরে দাঁড়ান বলে খবর আসে। স্ক্রিপ্ট পরিবর্তন ও সৃজনশীল মতবিরোধকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। এরপরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং এফডব্লিউআইসিই বিষয়টিতে হস্তক্ষেপ করে রণবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।