২০২৬ সালে সর্বোচ্চ সফল আরোহন দেখল এভারেস্ট

চলতি বছর ২০২৬ সালে রেকর্ডসংখ্যক পর্বতারোহীর পদচারণায় মুখর ছিল বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এ বছর মোট ১ হাজার ৮ জন পর্বতারোহী সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন, যা ইতিহাসে এক বছরে সর্বোচ্চ সফল আরোহনের নতুন রেকর্ড।

নেপালের জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট দেশটির পর্যটন বিভাগের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩২ ফুট উচ্চতার এভারেস্ট হিমালয় পর্বতমালার অন্তর্গত এবং নেপাল ও চীনের তিব্বত অঞ্চজুড়ে বিস্তৃত। তবে অধিকাংশ পর্বতারোহী নেপাল অংশ দিয়েই এভারেস্ট আরোহন করে থাকেন। 

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের পর্বতারোহী অ্যাডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে সফলভাবে এভারেস্ট জয় করেন। এরপর থেকেই বিশ্বের নানা প্রান্তের অভিযাত্রীদের কাছে এভারেস্ট আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়।

প্রতি বছর মূলত এপ্রিল ও মে মাসে এভারেস্টে আরোহনের উপযোগী আবহাওয়া থাকে। বছরের বাকি সময় তীব্র ঠান্ডা ও প্রতিকূল পরিবেশের কারণে অভিযান পরিচালনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

নেপাল সরকার এভারেস্ট আরোহনের ক্ষেত্রে প্রত্যেক বিদেশি পর্বতারোহীর সঙ্গে স্থানীয় গাইড রাখা বাধ্যতামূলক করেছে। অভিজ্ঞ গাইডদের ভাষ্য, আবহাওয়া সবসময়ই এভারেস্ট অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থার উন্নতির কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেক কমেছে।

একজন গাইড জানান, এখন দ্বিতীয় বেসক্যাম্প থেকেই চূড়ার আবহাওয়া সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়। ফলে অভিযাত্রীরা আগেভাগেই ঝুঁকি সম্পর্কে সতর্ক হতে পারেন।

নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিচানে বলেন, এর আগে এক বছরে সর্বোচ্চ সফল আরোহনের রেকর্ড ছিল ২০১৯ সালে। ওই বছর ৮৭২ জন অভিযাত্রী এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল এভারেস্ট।