পটুয়াখালীর দুমকিতে আকস্মিক ঘূর্ণিঝড় ও প্রবল বৃষ্টিতে গাছ উপড়ে ঢাকা-দুমকি-বাউফল মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পায়রা ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঝড়ের সময় সড়কের পাশের একটি বড় গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়ে যায়। এতে তাৎক্ষণিকভাবে যান চলাচল বন্ধ হয়ে বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় গাছ সরিয়ে নেওয়ার পর বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।