প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সারজিসের বিশেষ আহ্বান

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের সার্বিক অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শনের ভূয়সী প্রশংসা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতের বিদ্যমান অনিয়ম, বাজার সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বাস্তব চিত্র দেখতে প্রধানমন্ত্রীকে ছদ্মবেশে মাঠপর্যায়ে পরিদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ মে) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

সারজিস আলম তার পোস্টে উল্লেখ করেন, ঢাকার দুই সিটি করপোরেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের প্রকৃত অবস্থা যাচাই করতে প্রধানমন্ত্রী কোনো ধরনের পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার চিত্র সামনে এলে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

তিনি মনে করেন, বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতির জন্য শুধু কয়েকজন ব্যক্তি নন, বরং একটি বৃহত্তর প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দায়ী। তারপরও সমস্যার বাস্তব অবস্থা জানতে সরাসরি মাঠে গিয়ে পরিদর্শনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এনসিপির এই নেতার মতে, প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নাগরিক সেবার মান উন্নয়নে শীর্ষ পর্যায়ের এমন আকস্মিক পরিদর্শন কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শুধু বর্জ্য ব্যবস্থাপনা নয়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলা আরও কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সমস্যার দিকেও সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ফেসবুক পোস্টের শেষাংশে সারজিস আলম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঠিক একই কায়দায় সমাজে জেঁকে বসা অবৈধ চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেট, মাদকের ব্যবসা এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের যে বলয় গড়ে উঠেছে, সেগুলোতেও প্রধানমন্ত্রীর ছদ্মবেশে ঘুরে বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করা উচিত।

তিনি আশা প্রকাশ করেন, সমাজ থেকে এই গভীর অনিয়ম ও সমস্যাগুলো দূর করতে পারলে দেশের সাধারণ মানুষ প্রকৃত সুফল পাবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।