দুমকিতে কথিত হানিট্রাপ চক্রের সদস্য আটক

পটুয়াখালীর দুমকি থানায় প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. রাকিবা ওরফে সাদিয়াকে (২৪) পটুয়াখালী শহর থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ মে) রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার ছোট চৌরাস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রাকিবা দুমকি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আবু জাফরের স্ত্রী। তার বিরুদ্ধে দুমকি থানার সিআর-১৫/২৬ মামলায় ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬ (২) ধারায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এসআই সজিবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। 

পুলিশের দাবি, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয় সূত্রের ভাষ্য, তিনি পটুয়াখালী অঞ্চলে সক্রিয় একটি কথিত ‘হানিট্রাপ’ চক্রের সদস্য। তবে এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।