জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মো. মাইনুদ্দিন (৩২) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার দেউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছোটপাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ওই গ্রামের নেছার উদ্দিনের ছেলে।
নিহতের চাচাতো ভাই মনির হোসেন জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মাইনুদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী ফয়েজউল্লাহ ও তার ছেলে হেলাল, বেলাল এবং তানজিল। পরে কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মাইনুদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর অবস্থায় বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা নেছারউল্লাহ অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। ফয়েজউল্লাহ, তার ছেলেরা ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আজ তারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।