ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আপডেট : ৩০ মে ২০২৬, ০৯:৪৯ এএম

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেছেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ বিষয়ে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হেগসেথ বলেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করা আমাদের বৈশ্বিক দায়িত্বের অংশ।

সম্মেলনে তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে প্রতিরক্ষা খাতে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের 'প্রজন্মগত বিনিয়োগ' করতে যাচ্ছেন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পভিত্তির 'ঐতিহাসিক উৎপাদনগত পুনর্গঠন' হিসেবে উল্লেখ করেন।

মিত্র দেশগুলোর প্রতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়ে হেগসেথ বলেন, প্রতিটি দেশকে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অন্তত ৩ দশমিক ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।

তিনি জানান, ভবিষ্যতে ওয়াশিংটন সেসব মিত্র দেশের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দেবে, যারা নিজেদের নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখবে।

এ সময় তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের ওপর নির্ভর করে নিরাপত্তা সুবিধা ভোগ করার যুগ শেষ হয়ে এসেছে। তার মতে, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি কৌশলগত প্রয়োজনীয়তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত