প্রধানমন্ত্রীর অসন্তোষের পর হাতিরঝিল লেক পরিষ্কারে নামল রাজউক

রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগে থেকে জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই কঠোর অবস্থানের পরপরই শনিবার (৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেক এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে রাস্তার ওপর কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে অর্পিত দায়িত্বে অবহেলার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (উপসচিব) সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকেই হাতিরঝিল লেকের সৌন্দর্য রক্ষা এবং চারপাশ পরিচ্ছন্ন করতে ব্যাপক কার্যক্রম শুরু করেছে রাজউক।

উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর এবং তাঁর কঠোর নির্দেশনার অংশ হিসেবেই শনিবার সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে এই বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

নগরবাসীকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে সরকারের বিভিন্ন সংস্থা এখন সমন্বিতভাবে কাজ করছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।