ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর ইউনিয়নের পোড়াহাটি গ্রাম থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ। শনিবার (৩০ মে) সকাল ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এর পর সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা যায়, পোড়াহাটি এলাকার ফিট অ্যান্ড ফ্রেশ এগ্রোর পেছনে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ লাশের পরিচয় শনাক্তের জন্য এলাকাবাসীকে দেখান।এলাকাবাসী কেউ লাশটি পরিচয় নিশ্চিত করতে পারে নি। তবে স্থানীয়রা জানিয়েছেন বৃদ্ধার বয়স আনুমানিক ৬৩ বছর। তার পরনে কোনো জামাকাপড় ছিল না। মুখে সাদা দাড়ি এবং মাথার চুল ছোট ছোট ছিল। কয়েকদিন আগের হওয়ায় লাশের শরীরে পচঁন ধরেছে।
ঘটনাস্থলে লাশের পরিচয় শনাক্ত করার জন্য আসা পিবিআই ঢাকা জেলা পুলিশ পরিদর্শক রাশেদুল ইসলাম জানান, লাশটি পচে যাওয়ার কারনে পরিচয় শনাক্ত করা যায়নি। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, লাশটি পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান। ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।