২৫ কোটি টাকা নিয়েছেন আসিফ-হাসনাত, দাবি মোস্তাকের

কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব থেকে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ২৫ কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ তুলেছেন জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি এবং হাসনাত আব্দুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে যান বলে দাবি করেন তিনি। 

শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ তোলেন মোস্তাক মিয়া। 

তিনি বলেন, কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদ মুরাদনগরে ১৫ কোটি ও হাসনাত আবদুল্লাহ দেবিদ্বারে ১০ কোটি টাকা নিয়ে গেছে। এটা আমাদের জেলা পরিষদের নিজস্ব রাজস্বের টাকা। এই হলো সমন্বয়েকদের অবস্থা। তারা মুখে মুখে বাংলাদেশের সমন্বয়ের রাজনীতির কথা বললেও তাদের মধ্যেই এটা ছিল না।  অন্তর্বর্তী সরকারের আমলে তাদের চরিত্র ছিল এ রকম। 

তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এ দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সহ নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।