গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া আমাদের জন্য আদর্শ রেখে গেছেন। তিনি বলেন, বিশেষ করে ‘আজকের দিনটি জাতির জীবনে একটি বেদনাবিধুর দিন।
এই দিনে জাতি তার শ্রেষ্ঠ সন্তান একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারিয়েছে। আমরা হারিয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাকে। দেশী বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রে তিনি এই দিনে শাহাদাৎ বরণ করেন।
শনিবার (৩০ মে) রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুর শিল্পকলা একাডেমির শহীদুল আলম নিরু মিলনায়তনে পিরোজপুর জেলা বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
এসময় প্রধান অতিথি আরও বলেন, বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে দুর্নীতিমুক্ত থাকতে হবে। সরকারি অফিস ও উন্নয়ন প্রকল্পে কোন দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবেনা। দুর্নীতির ব্যাপারে তারেক রহমান জিরো টলারেন্স। এছাড়াও বিগত নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়ে যারা গাদ্দারী করেছে তাদের নেতৃত্ব থেকে বাদ দিয়ে দিতে হবে।
আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বিএনপির জেলা ও উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ ও শোক র্যালী আয়োজন করা হয়।