ক্রেতা দেখলেই ‘মরার ভান’ করে ভেড়া শাবক!

ক্রেতা কাছে এলেই মাটিতে লুটিয়ে পড়ে মরার ভান করে, যেন প্রাণহীন একটি প্রাণী। আবার মানুষ সরে গেলেই উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে হাঁটাচলা করে। এমন অভিনব কাণ্ডে রাতারাতি ইন্টারনেট তারকা বনে গেছে চীনের একটি ভেড়া শাবক।

উত্তর-পশ্চিম চীনের নিংশিয়া অঞ্চলের শিজুইশান শহরের পিংলু কাউন্টির বাওফেং টাউনের ঝোংফাং গ্রামে জন্ম নেওয়া মাত্র পাঁচ মাস বয়সী এই ভেড়াটিকে নেটিজেনরা ডাকছে ‘ড্রামা কুইন ল্যাম্ব’।

ভেড়াটির মালিক স্থানীয় কৃষক জিন শিয়াওলিন জানান, গত ১৩ জানুয়ারি তিনি চারটি ভেড়ার বাচ্চা স্থানীয় হাটে বিক্রি করতে নিয়ে যান। তিনটি স্বাভাবিক দামে-প্রতিটি ৪২০ ইউয়ানে বিক্রি হলেও চতুর্থটি মেষ শবককে নিয়ে বিপাকে পড়েন তিনি।

জিন বলেন, যেই কেউ কাছে এসে ভেড়াটিকে ধরতে চাইত, সঙ্গে সঙ্গে সে পড়ে যেত আর মরার মতো পড়ে থাকত। ক্রেতারা ভাবত অসুস্থ, তাই কেউ কিনতে চাইত না।

অদ্ভুত বিষয় হলো মানুষ সরে গেলেই ভেড়াটি আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ করত। এমনকি শিশুদের প্রতি ছিল বেশ বন্ধুসুলভ এই চতুষ্পদী প্রাণী। শেষ পর্যন্ত বিক্রি না করে ভেড়াটিকে বাড়িতে ফিরিয়ে নেন জিন। পরে তার এক আত্মীয় ভেড়াটির এই অভিনয় ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে মুহূর্তেই ত ভাইরাল হয়।

ভেড়াটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে এক ব্যক্তি এটিকে কিনতে প্রায় ১ লাখ ৩০ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লাখ) পর্যন্ত দাম প্রস্তাব করেন। তবে সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন মালিক।

ভেড়ার মালিক জিন শিয়াওলিন বলেন, এত আদুরে আর বুদ্ধিমান ভেড়াটাকে বিক্রি করার কথা ভাবতেই পারি না। ও মানুষ দেখলেই অভিনয় শুরু করে-একেবারে মানুষের মতো আচরণ করে।

তিনি জানান, ভেড়াটির এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্থানীয় বিশেষ পণ্য যেমন ভেড়ার গোস্ত, গোজি বেরি ও ‘এইট ট্রেজার টি’ প্রচারের পরিকল্পনা করছেন তিনি।