খাবার পেয়ে আধা ঘণ্টা পর পুরো পরিবার নিয়ে হাজির হরিণ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফোর্ট কলিন্স শহরের হরসটুথ স্টোরে কর্মরত ছিলেন লরি জোনস। একদিন হঠাৎ তিনি দেখেন, একটি বুনো হরিণ একেবারে স্বাভাবিক ভঙ্গিতে দোকানের মূল দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। হরিণটি দোকানের সানগ্লাস আর খাবারের তাকের পাশ দিয়ে এমনভাবে হাঁটছিল, যেন জায়গাটি তার বেশ পরিচিত।

পরিস্থিতি সামাল দিতে লরি একটি পিনাট বার হাতে নেন। সেটি দেখিয়ে ধীরে ধীরে হরিণটিকে দোকানের বাইরে নিয়ে যান। মনে হয়েছিল, সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু মাত্র ৩০ মিনিট পর ঘটল আরও মজার ঘটনা। হরিণটি আবার ফিরে এল। তবে এবার সে একা না। দোকানের বাইরে দাঁড়িয়ে ছিল তার শাবকগুলো, আর মা হরিণটি আবারও দোকানের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যেন প্রথমবার পাওয়া খাবারের অভিজ্ঞতা সে নিজের সন্তানদেরও দেখাতে নিয়ে এসেছে। লরি সেই মুহূর্তের একটি ছবি তোলেন। অল্প সময়ের মধ্যেই সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং লাখো মানুষ ঘটনাটি দেখে মুগ্ধ হন।

তবে বিষয়টি নিয়ে পরে সতর্কবার্তাও দেয় কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ।

তাদের ভাষ্য, বন্য প্রাণীকে খাবার দিলে তারা খুব দ্রুত মানুষের সঙ্গে খাবারের সম্পর্ক তৈরি করে ফেলে। এতে তারা বারবার মানুষের বসতি বা দোকানে ফিরে আসতে শুরু করে, যা প্রাণী ও মানুষ উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে।

ঘটনাটি ঘটেছে ২০১৭ সালের ডিসেম্বরের দিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত