গাইবান্ধায় বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (৩১ মে) উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। 

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক হয়ে নিউ সাফা নামের একটি পরিবহন যাত্রী নিয়ে ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিল। পলাশবাড়ী উপজেলায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগম মারা যান। এঘটনায় অন্তত ১৫ জন বাসের যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার। তিনি জানান, লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।