বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলহাজ উদ্দিন নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) দুপুর ২টার দিকে উপজেলার মির্জাপুর ফ্লাইওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলহাজ উদ্দিন (২২) উপজেলার রানীরহাট এলাকার লাউচা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি মির্জাপুরের স্থানীয় একটি দোকানের কর্মচারী।
স্থানীয়দের বরাতে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, দোকান থেকে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশে সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হন আলহাজ। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী ‘উপমা পরিবহন’ নামের একটি বাস ফ্লাইওভারের ওপর দিয়ে না গিয়ে নিচের সার্ভিস লেন দিয়ে যাচ্ছিল। বাস বেপরোয়া গতিতে এসে পেছন থেকে আলহাজের সাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়েই পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।