কালবৈশাখী তাণ্ডবে চন্দনাইশে মাদরাসা বিধ্বস্ত, পাঠদান বন্ধ

চট্টগ্রামের চন্দনাইশে অজোপাড়া গাঁয়ে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি মাত্রা মাদ্রাসা। ছুটি শেষে সেই মাদরাসার ক্লাস শুরু হলেও তিন শতাধিক শিক্ষার্থীর পাঠদানে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  কারণ উপজেলার দোহাজারী পৌরসভায় নূরানী বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত হাছনদন্ডী দারুল কুরআন ওয়াস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার দুইটি ঘর কালবৈশাখী ঝড়ে ভেঙে গেছে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী দ্রুত মাদ্রাসাটির পুনর্নির্মাণে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।

স্থানীয়রা জানা যায়, গত ২৭ মে হঠাৎ করে আঘাত হানা তীব্র কালবৈশাখী ঝড়ে মাদ্রাসাটির টিনশেড ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একপর্যায়ে সম্পূর্ণ ভেঙে পড়ে। এতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ঘরটি আগে থেকেই কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল, তবে ঝড়ের তীব্রতায় তা আর টিকতে পারেনি। বর্তমানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী বলেন, শিশুদের শিক্ষা কার্যক্রম চালু রাখতে দ্রুত উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি।

স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ভিত্তিতে সহায়তা দেওয়া প্রয়োজন, নইলে শিক্ষার্থীরা দীর্ঘদিন শিক্ষাবঞ্চিত হয়ে পড়বে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. ওমর ফারুক বলেন, ঝড়ে মাদরাসার ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ না হলে শিক্ষা কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে।

তিনি স্থানীয় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহাজারী পৌরসভার প্রশাসকর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সরকারি সহায়তায় মাদরাসাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।