ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে ৬ টন ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা বিজয়নগরের ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে এ সব জিরা জব্দ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বিজিবি। সন্ধ্যায় বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার অভ্যন্তরে ইব্রাহিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তল্লাশির জন্য থামানো হলে বিজিবি সদস্যদের দেখে গাড়িতে থাকা একজন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ওই কাভার্ড ভ্যানে তল্লাশি করে ৬ টন ভারতীয় জিরা জব্দ করা হয়।
উদ্ধারকৃত ভারতীয় জিরা ও কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।