নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতালেব হোসেন জীম বাবু (১৫) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মে) দুপুরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের ময়দানের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থী জীম ওই ইউনিয়নের খদ্দারপাড়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় মোতালেব হোসেন জীম বাবু মোটরসাইকেল যোগে রনচন্ডী বাজার থেকে বড়ভিটা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময়ে ময়দানের পাড় এলাকায় পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে একটি সেনাবাহিনীর পিকআপ গাড়ির নিচে পড়ে সে গুরুতর আহত হয় ।
পরে সেনাবাহিনী তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। এবিষয়ে কিশোরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।