চলতি বছরের পূজার অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে টলিউড তারকা দেব এবং শুভশ্রীর জুটির কামব্যাক সিনেমা 'দেশু ৭'। গত বছর তাদের ছবি 'ধূমকেতু' মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু সেই ছবির শুটিং প্রায় বছর নয়েক আগে হয়েছিল। এত বছর পর আবারও টলিউডের এই জনপ্রিয় জুটি কাজ করতে চলেছে। ফলে ছবির গল্প, থেকে বিষয়, অভিনয় সবটা নিয়েই দর্শকদের উত্তেজনা, আগ্রহের পারদ তুঙ্গে। রবিবার (৩১ মে) অনুষ্ঠিত হয়ে গেল 'দেশু ৭' ছবির মহরত।
তবে মজার বিষয় হলো এখনও আনুষ্ঠানিকভাবে ছবির নাম ঘোষণাই করা হয়নি। তার আগেই সাড়ম্বরে পুজো করে শুরু হল ছবির কাজ। ইতিমধ্যে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে খোদ দেব রেইকি সেরে এসেছেন ছবির জন্য। গতকাল দেব এবং শুভশ্রী, দু'জনেই ছবি পোস্ট করেন তাদের জুটির আগামী ছবির শুভ মহরতের। সেখানে এক পাশে একটি ক্লিপবোর্ডে তাঁদের দু'জনের ছবির সঙ্গে 'দেশু ৭', পরিচালক, ডিওপির নাম লেখা। তবে কবে থেকে ছবির শুটিং শুরু হবে সেটা এখনও স্পষ্ট নয়। অনুমান করা হচ্ছে শীঘ্রই শুরু হয়ে যাবে সেই কাজ।
প্রসঙ্গত, 'দেশু ৭' ছবিটির ঘোষণা দেব বছরের একদম গোড়াতেই করেছিলেন। জানিয়েছিলেন ফিরছে তাঁর এবং শুভশ্রীর জুটি। যদিও পরিচালক, ইত্যাদির বিষয়ে কোনো তথ্য দেননি। পরবর্তীতে জানা যায়, এই ছবিতে অভিনয় করার পাশাপাশি দেব প্রযোজনা করবেন। শুধু তাই নয়, 'দেশু ৭' ছবিটির গল্পও তিনি লিখেছেন এবং পরিচালনাও তিনিই করবেন। বলা যায়, 'দেশু ৭' ছবির হাত ধরে পরিচালক দেবের পথচলা শুরু হল। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।
মাঝে কয়েক মাস ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন দেব। ভোট মিটতেই মন দেন ছবির কাজে। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি পোস্ট করেন দেব। সেখানে তাকে জিমের পোশাকে দেখা যায়। মিরর সেলফি তুলেছেন শরীর চর্চার শেষে। ছবিতে ক্যাপশনে অভিনেতা লেখেন, 'ব্যাক টু সিনেমা। আমার পরের ছবি দেশু ৭-এর জন্য তৈরি হচ্ছি।'