শেষ ওভারে দরকার ছিল ১৮ রান। হাতে ৭৩ রানে অপরাজিত নিগার সুলতানা জ্যোতিসহ ৫ উইকেট। কিন্তু ওই ওভারে ৩ উইকেট হারিয়ে বসায় রানটা আর তোলা গেলো না। নেদারল্যান্ডসের কাছে যে কোনো ফরম্যাটে প্রথম হারের তিক্ত স্বাদ নিতে হলো বাংলাদেশকে।
এডিনবরোতে টস জিতে আগে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান জ্যোতি। ওপেনার হিথার সিগার্সের ৫২ রানের ওপর ভর করে ৫ উইকেটে ১৬২ রান তোলে নেদারল্যান্ডস। বাংলাদেশের ফারিহা তৃষ্ণা ২টি এবং মারুফা আর রাবেয়া নেন ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে ১৩ রানে ২, ৫০ রানে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে জয়ের দিকে টেনে নিয়ে যান নিগার সুলতানা জ্যোতি। ৫১ বলে ৭৭ রানের ইনিংসের সফল সমাপ্তি টানতে পারেননি তিনি।
টানা দুই হারের ফলে চ্যাম্পিয়ন হওয়ার পথ কিছুটা কঠিন হয়ে গেল বাংলাদেশের জন্য। তবে এখনও আশা আছে। নিজেদের পরের দুই ম্যাচে জিততেই হবে বাঘিনীদের। সাথে স্কটল্যান্ড শেষ দুই ম্যাচ হারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে টাইগ্রেসদের। তবে সেক্ষেত্রে থাকতে হবে ভালো নেট রান রেট। তাই পরের দুই ম্যাচে বাংলাদেশকে কেবল জিতলেই হবে, জিততে হবে বড় ব্যবধানে। তখনই ৪ পয়েন্ট নিয়ে খেলা শেষ করবে ৩ দল। নেট রান রেটে এগিয়ে থাকা দল হবে চ্যাম্পিয়ন।
