ছোট পর্দার চলমান সময়ের তুমুল ব্যস্ত অভিনেত্রী এখন কেয়া পায়েল। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে অনেকটাই এগিয়ে এই মডেল-অভিনেত্রী। বছরজুড়ে তার নাটক বিভিন্ন মাধ্যমে প্রচার হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের নয়টি নাটকে অভিনয় করেছেন। নাটকগুলো হচ্ছে ‘বুকের ভিতর আগুন’, ‘বেখেয়ালি’, ‘সুখের গল্প’, ‘ডুব’, ‘নোটবুক’, ‘যতেœ থাকো’, ‘অপরাজিতা’, ‘ছুঁয়ে দে আমায়’ এবং ‘পাল্লু বিল্লুর বিয়ে’। নয়টি নাটকে নয় রকম চরিত্রে অভিনয় করেছেন তিনি।
ঈদের নাটক নিয়ে কেয়া পায়েল বলেন, ‘কোনোটা ঈদের আগে শুটিং করেছি, আবার কোনোটা হয়তো আরও আগে করেছি। সব মিলিয়ে নয়টি নাটক প্রচার হচ্ছে। দর্শকরা প্রতিটি নাটকে আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখবেন। কোনো নাটকের সঙ্গে অন্য নাটকের মিল নেই, ভিন্নতা আছে। অভিনয়ের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা আছে বলেই কাজ করতে পারছি। অভিনয় ভালোবাসি। প্রতিনিয়ত চেষ্টা করি ভালো কাজের সঙ্গে থাকতে। শুটিংয়ের সময় অনেক উপভোগ করেছি। প্রতিটি কাজই যতœ করে করা হয়েছে। আমার অভিনীত নাটকগুলো দেখছি। আরও যেগুলো প্রচার হবে, সেগুলোও দেখব। পাশাপাশি অন্যদের নাটকও দেখছি।’
এসব নাটকে দর্শকসাড়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সত্যি কথা বলতে অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি। সবাই ভালো বলছেন। সবগুলো নাটক প্রচার শেষ হলে আরও বিস্তারিত মতামত জানতে পারব। আমি সবসময় এভাবেই ভালো ভালো কাজ করতে চাই। সেভাবেই পথ চলছি। দর্শকরা মনে রাখবেন এবং চ্যালেঞ্জ নেওয়া যায় এমন কাজই আমাকে বেশি টানে।’