ডা. জাহিদ হোসেন বললেন

মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে কষ্টে আছেন

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, মন্ত্রিত্ব খুবই লোভনীয় বিষয়, যে ভাইয়েরা এ কথা বলেন, ‘তাদের জন্য বলি, এটি হয়তো ১২ ফেব্রুয়ারির আগের ঘটনা হতে পারে। নির্বাচন-পরবর্তী মন্ত্রিত্ব কোনো লোভনীয় বিষয় না, খুবই কঠিন দায়িত্ব। আমি মন্ত্রী হওয়ার আগে অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী ছিলাম। মন্ত্রী হওয়ার পরে অনেক কষ্টের মধ্যে আছি।’ হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে দুস্থ অসহায় প্রতিবন্ধী  শিক্ষার্থীদের মধ্যে অনুদানের চেক বিতরণ ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় ১০ জনের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন ও ৪০০ জনের মধ্যে চাল বিতরণ করেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, মন্ত্রিত্ব এমন কোনো সোনার হরিণ নয়, সোনার বাটিও নয়। কারণ যে কয় টাকা বেতন দেয় ওই কয় টাকা দিয়ে সংসার চালানো এজন্যই এখন আমি আবারও দুই ঘণ্টা করে রোগী দেখা শুরু করছি। সপ্তাহে তিন দিন দুই ঘণ্টা করে রোগী দেখি যাতে সংসারটা একটু ভালো চলে।