হামের উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে প্রাণ গেল আরও দুই শিশুর। একই সময়ে  ‘সন্দেহজনক’ হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৩  জনের। সরকারি হিসাবে হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৫ শিশু। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৫ মার্চ থেকে ৩১ মে সকাল ৮টা পর্যন্ত হামজনিত রোগী পাওয়া গেছে ৭০ হাজার ৯৩৬ জন। হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬ হাজার ৮৮৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ হাজার ৮৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে একজন ঢাকা ও একজন বরিশালে। একই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৪২৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে রোগী রয়েছে ৪৫ জন।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৪ শিশুর মৃত্যু হয়েছে।