স্বস্তির বাজেট চায় সরকার ও বিরোধী দল : স্পিকার

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, আসন্ন বাজেট অধিবেশন দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে জনগণের জন্য স্বস্তিদায়ক ও জনকল্যাণমুখী বাজেট উপহার দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। গত মঙ্গলবার বিকেলে পাঁচদিনের সফরে ভোলায় এসে সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, আগামী ৭ জুন থেকে বাজেট অধিবেশন শুরু হবে। এই অধিবেশন দেশের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা জনগণের সামনে তুলে ধরবে। আমরা আশা করি এমন একটি বাজেট প্রণয়ন হবে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাতে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। পাশাপাশি উন্নয়ন কর্মকা- আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বাজেট অধিবেশনের পর দেশের অর্থনীতির ইতিবাচক চিত্র বিদেশি বিনিয়োগকারীদেরও বাংলাদেশমুখী করবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।