কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে বিনিয়োগকারীদের প্রবল ইতিবাচক ভাবনার ওপর ভর করে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে চাঙ্গাভাব দেখা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিপাক্ষিক আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই থমকে থাকা সত্ত্বেও এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
এশিয়ার পুঁজিবাজারে গত সপ্তাহের ধারাবাহিকতা বজায় রয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক ‘কোসপি’ গত সপ্তাহে ৮ শতাংশ বড় লাফ দেওয়ার পর, আজ নতুন সপ্তাহের শুরুতে আরও ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। অন্যদিকে, জাপানের প্রধান শেয়ার সূচক ‘নিক্কেই ২২৫’ গত সপ্তাহে অল-টাইম হাই বা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করার পাশাপাশি প্রায় ৫ শতাংশ বেড়েছিল; আজ সেটি আরও ০.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে জেপি মরগানের মার্কিন অর্থনীতি বিষয়ক প্রধান মাইকেল ফেরোলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যদিও এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে, তবে তেলবাহী ট্যাংকারগুলো যদি পুনরায় চলাচল শুরু করতে পারে, তাহলে বিশ্ব অর্থনীতির তীব্র ঝুঁকিপূর্ণ অধ্যায়ের অবসান ঘটা উচিত।’
তিনি আরও যোগ করেন, ‘তা সত্ত্বেও, সবকিছু আগের মতো সংঘাত-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। তেলের মজুত পুনরায় গড়ে তোলা এবং মধ্যপ্রাচ্যের ক্ষতিগ্রস্ত সরবরাহ অবকাঠামো মেরামত করার প্রক্রিয়া চলার কারণে অপরিশোধিত তেলের দাম আরও কিছু সময় ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনাই বেশি।’
এর আগে আজ দিনের শুরুর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, এশিয়ার বাজারের শুরুর দিকের লেনদেনেই অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের বেশি লাফিয়ে উঠেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম প্রতি ব্যারেল ৯৩ ডলার ছাড়িয়ে গেছে।
বর্তমানে বিনিয়োগকারীরা নিবিড়ভাবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক পরিস্থিতির ওপর নজর রাখছেন, যেখানে ইসরায়েল লেবাননে তাদের স্থল আগ্রাসন আরও জোরদার ও বিস্তৃত করেছে।
সূত্র: আল-জাজিরা