সৈকত থেকে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মোহাম্মদ আবিরের (১৮) মরদেহ উদ্ধার করেছে লাইফ গার্ড ও বিচ কর্মীরা।

সোমবার (১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নাজিরারটেক উপকূল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে নামার পর নিখোঁজ হন আবির।

আবিরের সন্ধান পাওয়া যুবক জানান, বন্ধুর ভাগিনা আবির নিখোঁজের খবর পেয়ে দ্রুত সিগাল পয়েন্টে যাই এবং সারারাত সৈকতে অবস্থান করে খোঁজাখুঁজি চালাই। ভোরে কয়েকজনকে নিয়ে নাজিরারটেকের দিকে অনুসন্ধানে বের হলে ভোর ৫টা ২৮ মিনিটের দিকে সমুদ্রে ভাসমান অবস্থায় আবিরকে দেখতে পাই। পরে তাকে তীরে তুলে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে লাইফগার্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে খবর দেয়া হয়।

সী সেফ লাইফগার্ড সংস্থার সুপারভাইজার মো. ওসমান গনি বলেন, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্র সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় দুই পর্যটক গোসলে নামেন। এ সময় লাইফগার্ড সদস্যরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর একজন নিখোঁজ হন। খবর পেয়ে  লাইফগার্ড সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত খোঁজার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, সোমবার সকালে নাজিরারটেক উপকূলে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান স্বজনরা। পরে তারা লাইফগার্ড সদস্যদের খবর দিলে বিষয়টি প্রশাসন, বিচকর্মীসহ সংশ্লিষ্টদের জানানো হয়। একই সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও যোগাযোগ করা হয়।

ওসমান গনি জানান, উদ্ধার হওয়া মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে নিহতের স্বজনরা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।
 
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে আবিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

 
আবির পুরান ঢাকার শহীদনগর, লালবাগ এলাকার ইলিয়াস মুন্সীর ছেলে। তারা ঢাকা থেকে ৯ বন্ধু মিলে রবিবার কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন।