লেবানন ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথকভাবে আলোচনা করেছেন।
রবিবার যুক্তরাষ্ট্র প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি প্রস্তাব দিয়েছে, যার আওতায় হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের হামলা বন্ধ করবে। এর বিনিময়ে ইসরায়েলও লেবাননে সামরিক পরিস্থিতির আরও অবনতি ঘটানো থেকে বিরত থাকবে।
তিনি বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে অগ্রগতি আনার চেষ্টা করেছেন। তবে দেশটির পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি এ বিষয়ে দায়িত্ব ইসরায়েলের ওপর চাপিয়ে দিয়ে বলেছেন, আগে ইসরায়েলকে ‘প্রথম গুলি ছোড়া’ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়াশিংটনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে উভয় পক্ষের অবস্থানগত পার্থক্যের কারণে সমঝোতার পথ এখনও চ্যালেঞ্জপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।