ত্রুটিপূর্ণ সম্পাদনার এপস্টেইন নথি সরিয়ে নিল মার্কিন বিচার বিভাগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২২ পিএম

জেফ্রি এপস্টেইন সংক্রান্ত হাজারো নথি ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে)। ত্রুটিপূর্ণ সম্পাদনার কারণে এসব নথিতে ভুক্তভোগীদের পরিচয় প্রকাশ হয়ে পড়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

এপস্টেইনের ভুক্তভোগীদের পক্ষে আইনজীবীরা জানান, গত শুক্রবার প্রকাশিত নথিগুলোতে নাম, ই–মেইল ঠিকানা ও ছবি ঠিকমতো গোপন না করায় প্রায় ১০০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারা এটিকে ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তাদের ভাষ্য, এতে তারা আবারও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন।

ডিওজে জানায়, এসব ভুল 'প্রযুক্তিগত বা মানবিক ত্রুটি'র কারণে হয়েছে। সংস্থাটি নিশ্চিত করেছে, যেসব নথিতে সমস্যা চিহ্নিত হয়েছে সেগুলো আরও সম্পাদনার জন্য সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নথিও পর্যালোচনা করা হবে। ভুক্তভোগীদের আইনজীবীরা এ ঘটনায় ফেডারেল আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেন এবং এটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভুক্তভোগীদের গোপনীয়তার নজিরবিহীন লঙ্ঘন বলে উল্লেখ করেন। কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন, তাদের ব্যক্তিগত তথ্য প্রকাশের পর হুমকিও পেয়েছেন।

কংগ্রেসে পাস হওয়া একটি আইনের আওতায় এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়, তবে একই সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় সুরক্ষার নির্দেশনাও ছিল। গত বছর থেকে এ পর্যন্ত এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট লাখ লাখ পৃষ্ঠা নথি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, যৌন অপরাধের অভিযোগে বিচারাধীন অবস্থায় ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে জেফ্রি এপস্টেইনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত