বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজি অটোরিকসা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে মারা গেছেন। সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি পাইন্দং আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার সময় পেছন দিক থেকে বিআরটিসির একটি বাস মোটরসাইকেল আরোহী স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৫০) ও তার ছেলে মো. আরিফ (১৮) ঘটনাস্থলেই মারা যান।

এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

নাজিরহাট হাইওয়ে থানার মোবারক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।