চট্টগ্রামের ফটিকছড়ির মাদক মামলায় মো. সোহেল নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজুল ইসলামের আদালত এই রায় দেন। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো.সোহেল (৩৭) ফটিকছড়ি উপজেলার ধুরুং এলাকার মো. শফির ছেলে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, ২০১৯ সালের ১ জুন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) চেকপোস্টে তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ও জুতার মোজার ভেতর থেকে ৫ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় নগরের পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।