ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তিন মাস ধরে চলা যুদ্ধ বন্ধে চলমান আলোচনার মধ্যেই উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার ওপর উড়তে থাকা একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার জবাবে ইরানের উপসাগরীয় উপকূলের কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং দুটি হামলাকারী ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
অন্যদিকে আইআরজিসি জানিয়েছে, দক্ষিণ ইরানে হামলায় ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটিকে লক্ষ্য করে তারা পাল্টা আঘাত হেনেছে। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে তা উল্লেখ করা হয়নি।
এদিকে কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা জানিয়েছে, দেশটিতে সাইরেন বেজে ওঠার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে হাজারো মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই ইরান ও লেবাননের নাগরিক। এছাড়া হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর নিয়ন্ত্রণের কারণে জ্বালানির দাম বেড়ে বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়াই তার প্রধান লক্ষ্য। যদিও তেহরান বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে।