ইরানের আহভাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র আঘাত, নিহত ৪

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ এএম

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। এ হামলায় আর পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। 

একই সময়ে জর্ডানের রাজধানীতে সাইরেন বেজে ওঠে এবং কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে শুক্রবার (২৪ জুলাই) ইরানের গণমাধ্যম জানিয়েছে।

আল জাজিরা জানায়, খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা হামলা ও হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহতদের পরিচয় বা হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা, ইরাকের আল-আহদ টেলিভিশন নেটওয়ার্কের বরাতে জানিয়েছে যে, কুয়েতের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে দক্ষিণ ইরাক থেকেও এর শব্দ পাওয়া গেছে।

তবে এসব খবরের বিষয়ে জর্ডান ও কুয়েত কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো নিশ্চিতকরণ বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানে টানা ১৩তম রাতের মতো সামরিক অভিযান সম্পন্ন করেছে। এক বিবৃতিতে সেন্টকম জানায়, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব অভিযান হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি কমানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সেন্টকম আরও জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হামলার পরও হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে এবং মার্কিন সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো নিরাপদে চলাচল করছে।

সূত্র: আল-জাজিরা 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত