আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু

মায়েদের সঙ্গে কথা বলে অপরাধ খুঁজে বের করার চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর বিষয়ে তাদের মায়ের সঙ্গে কথা বলে অপরাধ কোথায় হয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

সোমবার (১ জুন) সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমকালে এই কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদ-দীন হাসপাতালে ছয় শিশু মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। আমরা ছয়জন মায়ের সঙ্গে কথা বলছি। মায়েরা বিভিন্ন শহরে বাস করেন যে কারণে বিষয়গুলো শেষ করতে সময় লাগছে।’
 
তিনি বলেন, ‘আজকেও অ্যাটর্নি জেনারেলসহ আইনজীবীদের সঙ্গে মিটিং রয়েছে। দেখা হচ্ছে আইনগতভাবে কোনো অফেন্স হয়েছে কি না।’
 
হামের প্রাদুর্ভাব কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা কমে এসেছে। আমরা সবশেষ যে ভ্যাকসিন দিয়েছি তার কার্যকারিতা পেতে ১৫ থেকে ১ মাস সময় লাগছে। চলতি সপ্তাহের শেষে হাম নিয়ে আতঙ্ক আরো কমে আসবে।’